রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব প্রদানে মিয়ানমারের প্রতি আহ্বান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের সাম্প্রতিক দুর্দশার কথা উল্লেখ করে তাদের নিরাপত্তা এবং নাগরিকত্ব দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুই নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের সাবেক প্রেসিডেন্ট রামোস হোর্তা। যুক্তরাষ্ট্রের হাফিংটন পোস্টে লেখা এক নিবন্ধে তারা এই আহ্বান জানান। রোহিঙ্গাদের অধিকার নিয়ে যখন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সূচি নীরবতা পালন করছেন তখন দুই নোবেল বিজয়ী এই নিবন্ধ লিখলেন। বিখ্যাত এই দুই নোবেল বিজয়ী তাদের লেখায় মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। এই আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, বিবাহ ও সন্তান জন্মদানে এবং ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তারা লিখেছেন, সামপ্রতিক মাসগুলোতে রোহিঙ্গারা মিয়ানমারে চরম হয়রানির শিকার হয়েছেন। প্রায় ১ হাজার রোহিঙ্গা নিহত এবং হাজার হাজার রোহিঙ্গা তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছেন। সমপ্রতি মিয়ানমারের অভিবাসন এবং জনসংখ্যা বিষয়ক উপমন্ত্রী কিয়াও কিয়াও উইন প্রতিনিধি পরিষদে বলেন, মিয়ানমারে তথাকথিত রোহিঙ্গা বলে কিছু নেই। দেশটির প্রেসিডেন্ট থেইন সেন বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের কেউ না। প্রেসিডেন্ট রোহিঙ্গাদের অবৈধ বাঙালি অভিবাসী উল্লেখ করে এদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেন।