এ সরকারের সময়েই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে :হানিফ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের সময়েই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে। আর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রবিবার সকালে কুষ্টিয়ায় দলীয় কর্মসূচিতে যোগদানের পূর্বে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি কথা বলেন। হানিফ বলেন, জামায়াত-বিএনপি পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনে দেশে সামপ্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে। তারা মিথ্যচার করে সুকৌশলে ধর্মপ্রাণ মুসলমানদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আর তা না বুঝেই ইসলামী সমমনা দলগুলো হরতাল ডেকেছে। তবে দেশের মানুষ বিএনপি-জামায়াতের অশুভ উদ্দেশ্য বুঝতে পেরে হরতাল প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াতের পাশাপাশি ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তার নিজের পত্রিকায় মিথ্যা নানা কল্প-কাহিনী প্রকাশ করে দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে দাঙ্গার উস্কানি দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এসময় হানিফের সাথে জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদরউদ্দিন খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।