হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে গতকাল রবিবার গাজীপুর সদরের কাশিমপুরে মণ্ডল গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে। এসময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৪ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানা তিনটি ছুটি ঘোষণা করে।
পুলিশ ও কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানায়, কিছুদিন ধরে হাজিরা বোনাস, বেতন বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং রাত্রিকালীন ভাতা প্রদানসহ ৮ দফা দাবিতে মণ্ডল গ্রুপের কাশিমপুরস্থ কটন ক্লাব বিডি কারখানায় শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল। দাবি পূরণ না হওয়ায় গতকাল সকাল ৮ টায় ওই কারখানার কিছু শ্রমিক কাজে যোগ দিলেও অন্যরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানার গেট ও জানালার কাঁচ ভাংচুর করতে শুরু করে। পরে তাদের সাথে ওই গ্রুপের আলিম নীট বিডি, ও মনটেক্স কারখানার শ্রমিকরাও যোগ দেয়।
খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশ শ্রমিকদের ধাওয়া ও লাঠিচার্জ করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে ৪ পুলিশ সদস্য ও অন্তত ১১ শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
