দিল্লিতে সতর্কতা, হায়দারাবাদে আবার হামলার হুমকি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
ভারতের রাজধানী দিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্র প্রদেশের হায়দারাবাদে গত বৃহস্পতিবার পরপর তিনটি বোমা বিস্ফোরণের জের ধরে গতকাল রবিবার দিল্লিতে এই সতর্কতা জারি করা হয়। এদিকে হায়দারাবাদে আবার হামলার হুমকি পাওয়া গেছে। গতকাল রবিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং হায়দারাবাদে ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর এনডিটিভির। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, হায়দারাবাদের ঘটনার পর দিল্লিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গত শনিবার কেন্দ্র থেকে সব রাজ্যে সতর্ক বার্তা পাঠানো হয়। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজ্যগুলোকে সতর্ক করা হয়। এদিকে অন্ধ্র প্রদেশ বিজেপির প্রধান জি কিষাণ রেড্ডির কাছে পাঠানো একটি চিঠিতে গত বৃহস্পতিবার হায়দারাবাদে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে লস্কর-ই-তৈয়্যবা আরো হামলার হুমকি দিয়েছে। চিঠিতে জানানো হয়, তাদের পরবর্তী টার্গেট বেগম বাজার। বিজেপি নেতা রেড্ডি চিঠিটি পুলিশের কাছে দিয়েছেন। তারা যাচাই করছে এটি আসলেই লস্কর-ই-তৈয়্যবার চিঠি না অন্য নাশকতা সৃষ্টিকারীর। গত বৃহস্পতিবারের হামলায় ১৬ জন নিহত হয়।