সরকার সাংবাদিকদের ওপর হামলাকারীদের দমনে দৃঢ়প্রতিজ্ঞ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যারা হামলা করেছে, তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তারা নিজেদের ও গোষ্ঠী বিশেষের স্বার্থ উদ্ধার করতে চায়। তারা দেশে শান্তি চায় না, নিজেদের স্বার্থ উদ্ধারে পেশিশক্তি প্রয়োগ করতে চায়। তাদের দমন করতে ইতোমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। গতকাল রবিবার সচিবালয়ে গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেনডিয়াসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতাল চেষ্টা ব্যর্থ হয়েছে, জনগণ প্রত্যাখ্যান করেছে। সাংবাদিকদের ওপর শুক্রবারের হামলাকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখতে পাবেন। গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশে আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের লক্ষ্যে অধিকতর সহযোগিতা প্রয়োজন। আমরা সে ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছি। এ লক্ষ্যে আমরা একটি সমঝোতা স্মারক সই করার কথা বিবেচনা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শ্রমিকদের স্বার্থ এবং কল্যাণ সম্পর্কিত বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি।