জেলা শহর মাইজদীতে বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় গত শনিবার বিকালে ৬৪ জন এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা ৯০০ বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে সুধারাম থানা পুলিশ মামলা দায়ের করেছে। নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত এসপি মাহবুবুর রশীদ এ তথ্য জানান।
মামলার পর শাহাব উদ্দিন নামে এক বিএনপির কর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিএনপির ৪ জন ও জামায়াত-শিবিরের ৯ কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এদের বিভিন্ন সহিংস ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল রবিবার আদালতে হাজির করা হয়।
অপরদিকে গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী শামীম ও বিএনপি নেতা শাহাদাত্ হোসেনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিএনপির মিছিলে গত শনিবার পুলিশের গুলি ও লাঠি চার্জে ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। এদের মধ্যে গুলিবিদ্ধ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি জসিম উদ্দিনসহ আরো কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।
