জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
ইসলামী সমমনা ১২ দলের গতকাল রবিবার ডাকা হরতালে সারাদেশে ১৬ জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শ্রীনগর উপজেলার আল-আমিন বাজার এলাকা থেকে গত শনিবার রাতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমান (৩৫) নামে জামায়াতের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার বাঘরা ইউনিয়নের জামায়াতের সাবেক আমীর ও উপজেলা শাখার সদস্য বলে জানা গেছে। পটুয়াখালী প্রতিনিধি জানান, শহরের সবুজবাগ এলাকায় গত শনিবার রাতে পিকেটিংয়ের চেষ্টাকালে মাহাতাব উদ্দিন মন্ডল ও মামুন নামে দুই শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে দুমকি থানা পুলিশ পাঙ্গাশিয়া এলাকা থেকে সেইদিন রাতে মাওলানা ফারুক নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। ময়মনসিংহ প্রতিনিধি জানান, কোতায়ালী পুলিশ গতকাল হরতাল চলাকালে শিবির কর্মী সন্দেহে ২ পিকেটারকে আটক করেছে। লালমনিরহাট প্রতিনিধি জানান, হাতীবান্ধা থানা পুলিশ গতকাল জামায়াতে ইসলামীর প্রশিক্ষক আব্দুল জলিল মুন্সিকে রেলওয়ে স্টেশনের পাশ থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা পুলিশ জানায়। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হরতালে পিকেটিং চলাকালে গতকাল সদর উপজেলার বাউতারা থেকে শরিফুল ইসলাম (২২) নামে এক শিবির-কর্মীকে আটক করা হয়েছে। গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, হরতালে নাশকতার আশংকায় মেহেরপুরের গাংনীতে গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চৌগাছা গ্রামের ইমান আলীর ছেলে ওহাদ আলী, তাছির উদ্দীনের ছেলে আইযুব আলী ও ভবানীপুর গ্রামের নাজিমউদ্দীনের ছেলে আব্দুল মালেক। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, চান্দিনা বাজারের বিভিন্ন এলাকা থেকে গতকাল শিবির কর্মী সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ। পরে তদন্ত করে সাতজনকে ছেড়ে দেয়া হয়। নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, উপজেলার মুশুলি ইউনিয়নের পূর্ব কামালপুর গ্রাম থেকে গত শনিবার রাতে নাশকতা সৃষ্টির আশংকায় মোহাম্মদ আলী (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মুশুলি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি। বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলা পরিষদের সামনে আকন ভিলা থেকে গতকাল নাশকতার আশংকায় আবুল হোসেন নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করে। তার বাসা তল্লাশি করে জেহাদী বই ও কর্মী সংগ্রহের ফরম উদ্ধার করা হয়। কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, পুলিশ গত শনিবার রাতে সাচার ইউনিয়নের বড়দৈল ওয়ার্ড জামায়াতের সভাপতি নাজমুল আলমকে গ্রেফতার করে। তার বাসায় থেকে নিষিদ্ধ বিভিন্ন প্রচারপত্র, লিফলেট ও পুস্তকাদি উদ্ধার করা হয়। আমতলী (বরগুনা) সংবাদদাতা জানান, উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজার থেকে গতকাল মজনু ডাক্তার নামের এক জামায়াত নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শাহবাগের আন্দোলন সম্পর্কে কটূক্তি এবং বিশৃংখলা সৃষ্টির অভিযোগ আছে বলে জানা যায়।