কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি ৫-দফা দাবিতে কর্মবিরতি ও এক ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। গতকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষাসহ সকল একাডেমিক কর্মকাণ্ড হতে বিরত থেকে তারা পূর্বঘোষিত কর্মসূচি পালন করে যাচ্ছেন।
শিক্ষক সমিতির এসব দাবির মধ্যে রয়েছে: সমিতির প্রস্তাবিত আপ-গ্রেডেশন রুলসে্র পূর্ণ বাস্তবায়ন, কর্মরত সকল শিক্ষককে (২ বছর) প্রবেশনারি পিরিয়ড পূর্ণ হওয়া সাপেক্ষে অফিস আদেশের মাধ্যমে চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বিল বৃদ্ধি, বই ক্রয় ভাতা বৃদ্ধি, প্রত্যেক শিক্ষককে ফোন-ইন্টারনেট বিল বাবদ ন্যূনতম ৮শ’ টাকা প্রদান এবং সুষ্ঠুভাবে শিক্ষাদানের জন্য পর্যাপ্ত সংখ্যক ক্লাশরুম, আধুনিক গবেষণাগার ও প্রত্যেক বিভাগে সেমিনার কক্ষের ব্যবস্থা। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. মুহম্মদ আহসানউল্যাহ বলেন, দাবি বিষয়ে কর্তৃপক্ষের সাথে অনেকবার আলোচনা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনরূপ পদক্ষেপ না নেয়ায় একান্ত বাধ্য হয়েই আন্দোলন কর্মসূচি দিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
