ডায়েট

ইনটেলিজেন্ট ডায়েট

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৬
ডায়েটিং সম্পর্কে কিছুই জানেন না এমন মানুষের দেখা পাওয়া যায় না। কখন কী খাওয়া উচিত বা উচিত নয় এই সম্পর্কে নির্দিষ্ট বক্তব্য আছে আমাদের সবারই। কিন্তু সেই নির্দেশ আমরা ক’জনই বা মেনে চলি। আর তাই সহজ মিল প্ল্যানিং নিয়ে আজকের আয়োজনটি লিখেছেন প্রাঞ্জল সেলিম হাজারো ব্যস্ততার মাঝে আমরা অনেকেই ফাস্টফুডের উপর ঝুঁকে পড়ি। অনেকে মনে করি, পেট ভরাটাই আসল। পেট ঠেসে খাওয়া, সময়-অসময় না মেনেই ইচ্ছেমতো খাওয়া সত্ত্বেও আমরা প্রত্যাশা করি পেট কোনো রকম সমস্যা তৈরি করবে না। কিন্তু সেটা ভুল। আর তাই আসুন জেনে নিই কিছু তথ্য যাতে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি।  সকালে ওঠার সময়টা অন্তত আধ ঘণ্টা এগিয়ে আনুন যাতে ব্যায়ামের জন্য অন্তত বিশ মিনিট সময় হাতে থাকে। কাজে বেরুনোর আগে ফল খেয়ে নিতে পারেন। তবে বিছানায় বসে নয়। বারান্দায় বা ছাদে হাঁটতে হাঁটতে খাওয়া যেতে পারে। সকালের নাস্তার জন্য হাতে বেশি সময় না থাকলে পাউরুটির সঙ্গে দই বা দুধ যোগ করে খেয়ে নিতে পারেন। পাশাপাশি সকালের নাস্তার পর মাল্টিভিটামিন বা ভিটামিন বি সাপ্লিমেন্ট খেয়ে নিতে পারেন। বাড়ি থেকে লাঞ্চ ক্যারি করতে পারলে সবচেয়ে ভালো হয়।  ডায়েটিং মানে আমাদের প্রতিদিনের খাদ্যগুলোকে পরিমিত ও সুষমভাবে খাওয়া। সাধারণত ওজন কমানো ও ওজনকে স্থিরভাবে ধরে রাখার জন্য ডায়েটিং করা হয়। সুস্থ ও স্লিম থাকার জন্য ডায়েটিং করা দরকার। সে ক্ষেত্রে কম শর্করা, কম ক্যালরি, কম ফ্যাটযুক্ত খাবার খেতে হবে। প্রতিদিনের ডায়েট চার্টে সব ধরনের খাদ্য উপাদান থাকা চাই। অর্থাত্ ভিটামিন, শর্করা, আমিষ, ফ্যাট, মিনারেল, ফাইবার, পানি ইত্যাদি থাকলেই সেটা হবে ইনটেলিজেন্ট ব্যালেন্স ডায়েট।  প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করা। এটি সারাদিনের সব রকমের পানীয়র হিসাব। তবে যারা ব্যায়াম করেন, তারা আরও বেশি পানি পান করবেন। রাতের খাবার ঘুমানোর তিন ঘণ্টা আগে খেতে হবে।  রাতে ঘুমানোর সময় ক্ষুধা লাগলে কিছু না খাওয়াই ভালো, তবে ননী/ফ্যাট ছাড়া দুধ খেতে পারেন।  সালাদ বেশি বেশি খাওয়া উচিত। দুপুর ও রাতের খাবারের সাথে অবশ্যই সালাদ রাখুন।  মাছ অবশ্যই খেতে হবে, মাংস কম খেয়ে মাছ বেশি খেলে ভালো। গরুর মাংস না খাওয়াই ভালো।  সাদা আটার রুটি না খেয়ে, লাল আটার রুটি খাওয়া ভালো। কারণ লাল আটা শরীরের জন্য খুবই উপকারী। তেমনি সাদা শর্করা, যেমন সাদা চালের ভাত বাদ দিয়ে, লাল চাল খাওয়া ভালো।  বিনস, কাঁচা ছোলা এগুলো প্রতিদিন খেতে হবে। কারণ এগুলোতে আছে কম ফ্যাট। তা ছাড়া ভিটামিন বি আছে এগুলোতে। যা হজম শক্তি বাড়ায়।  ঘুমানোর আগে দুধ খাওয়া ভালো। তবে অবশ্যই ননীবিহীন দুধ। প্রতিদিন টক দই খাওয়া, চিনি ছাড়া।  আপনার খাবারের মেন্যুতে থাকতে পারে রুটি, তরকারি, গ্রিলড স্যান্ডউইচ, ডাল, চিকেন, মাছ, ডিম, পনির ইত্যাদি। খাবার পরে খানিকটা হাঁটাহাঁটি করতে পারলে ভালো।  সবচেয়ে বড় হলো, খাবারটা কখনই মিস না করা। যেমন, তাড়া থাকলেও ব্রেকফার্স্ট মিস যাতে না হয়। কারণ তাতে সারাদিনের কাজের শক্তি পাওয়া যায়। মডেল লোপা ছবি দীপঙ্কর দীপু