প্রথম ইনিংসে নিয়েছিলেন সাত উইকেট; দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত পাঁচ উইকেট। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির প্রথম ডাবল সেঞ্চুরির টেস্টে নিজেকে নায়ক হিসেবে প্রমাণ করলেন রবীচন্দ্রন অশ্বিন। আর তার দারুণ বোলিংয়ে চেন্নাই টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।
চতুর্থ দিনে ভারত ৫৭২ রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৩২ রান তুলতেই নয় উইকেট হারিয়ে ফেলেছে। এক উইকেট হাতে রেখে এখন তাদের লিড মাত্র ৪০ রান। জয়ের জন্য তাই খুব বেশি বেগ পেতে হবে না ধোনি বাহিনীকে। অশ্বিনের পাঁচ উইকেট ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন শততম টেস্ট খেলতে নামা হরভজন সিং ও রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে মোইজেস হেনরিক্স।
দিনের শুরুতে ২০৬ রানের সাথে আর ১৮ রান যোগ করেই আউট হয়ে যান ধোনি। ২২৪ রান করে ধোনি পিছনে ফেললেন শচিন টেন্ডুলকারকে। এর আগে ১৯৯৯-২০০০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে ২১৭ রান করেন শচিন।
