নান্দাইলের সিঙ্গাপুর প্রবাসী অজ্ঞান পার্টির খপ্পরে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
উপজেলার মেরাকোনা গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম শনিবার সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরার পথে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল খুইয়েছেন। কামরুল ইসলাম জানান, তিনি শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাইরে অপেক্ষমান তার বড়ভাই খায়রুল ইসলামকে সাথে নিয়ে মহাখালি বাস টার্মিনালে যান। কাউন্টার থেকে টিকিট নিয়ে তারা সেখানে অপেক্ষমান বন্যা পরিবহনের একটি বাসে মালামালসহ ওঠেন। বাসটি নান্দাইলের দিকে আসার পথে বাসের এক অপরিচিত যাত্রী তাদের সাথে আলাপ করে সখ্যতা গড়ে তুলে। একপর্যায়ে বড়ভাই খায়রুল ইসলামকে একটি বিস্কুট খেতে দেন ওই যাত্রী। এর কিছুক্ষণ পর তাকেও পীড়াপীড়ি করে একটি বিস্কুট খাওয়ায়। এরপর তারা দু’জনই বাসে ঘুমিয়ে পড়েন। তাদের জ্ঞান ফিরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার পর। কামরুল ইসলাম আরও জানান, বাসে ওঠার পর তিনি চালকের কথামত বিদেশ থেকে সাথে করে আনা মালামাল তার পেছনের আসনে রাখেন। তিনি অভিযোগ করে বলেন, ওই অজ্ঞান দলের সদস্যদের সাথে বাসচালক ও তার সহযোগীদের যোগাযোগ রয়েছে। তা না হলে তাদের লাগেজগুলো অজ্ঞান পার্টির লোকেরা কিভাবে নিলো। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। বন্যা পরিবহনের টিকিট মাস্টার মো. ইসলামউদ্দিন শনিবার অজ্ঞান অবস্থায় ওই দুই যাত্রী তাদের বাসযোগে নান্দাইল আসার তথ্য নিশ্চিত করেন। তিনি ওই বাসচালকের নাম আ. রশিদ বলে জানান।