লোহাগড়ায় মসজিদের ইমাম বরখাস্ত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
মহানবী হযরত মুহম্মদ (স.) কে যারা ব্যঙ্গ, কটূক্তি ও অপমান করছে তাদের প্রতি যেন সরকার ব্যবস্থা নেয়ার ব্যাপারে শুক্রবার মসজিদে আহবান জানালে ইমামের কথাকে বিকৃত করে সরকারের বিরুদ্ধে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন জানিয়ে হৈ-চৈ শুরু করে মুসল্লিরা। নামাজ শেষে মসজিদের বাইরে কিছুসংখ্যক লোক জড় হয় ইমামকে লাঞ্ছনা করার জন্য, এমনকি পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করানোর হুমকিও দেয়া হয়। গত রবিবার বাদ আসর পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি শিকদার সাইদুর রহমান জানান, সরকারবিরোধী বক্তব্য দেয়ায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে ইমামকে অব্যাহতি দেয়া হয়েছে। ইমাম মাওলানা মান্নান বলেন, জুম্মার দিন আমার খুত্বার সময় কয়েকশ’ মুসল্লি উপস্থিত ছিলেন মসজিদে, আমি কি বলেছি তারাই ভালো বলতে পারেন, তারাই সাক্ষ্য দিবেন যে আমি রাজনৈতিক বা সরকারবিরোধী কোন বক্তব্য দিয়েছি কিনা।