ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কাকচর এলাকার বাসিন্দা কালিচরণ রবিদাস (৫৫) অতিরিক্ত মাদক সেবন করে গুরুতর অসুস্থ অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার মারা গেছেন।
হাসপাতালে তার মৃত্যুর কারণ ‘মায়োকার্ডিয়াক ফেইলর’ লেখা হলেও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একজন মাদকসেবি ছিলেন। শনিবার রাতে তিনি অতিরিক্ত চোলাই মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এলাকার লোকজন সূত্রে জানা গেছে, নান্দাইল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে মুচিপাড়ার কয়েকটি বাড়িতে চোলাই মদ বিক্রি হয়ে থাকে। উপজেলার বিভিন্ন স্থানে উত্পাদিত বিপুল পরিমাণ চোলাই মদ এখানে রেখে বিক্রি করে থাকে মাদক ব্যবসায়ীরা। এসব বিষাক্ত মদ পান করে কেউ চিরতরে অন্ধ অথবা কারোর মৃত্যুর মত ঘটনা ঘটে চলেছে। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন জানান, পুলিশ প্রতিমাসে উপজেলার বিভিন্ন স্থানে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মাদক তৈরির উপকরণ এবং গাঁজা উদ্ধার করে মামলা গ্রহণ করছে।
