আলীকদমে অবৈধ ভূমি লিজ বাতিলের দাবি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন মৌজায় রাবার প্লট ও হর্টিকালচারের নামে অবৈধ ভূমি লীজ বাতিলের দাবী জানিয়েছে ‘ভূমিদস্যু ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’। গত শনিবার নিজস্ব ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনের নেতা-কর্মীরা। পানবাজার থেকে বিক্ষোভ প্রদর্শন করে মিছিলসহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলীকদম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র উপজেলা সাধারণ সম্পাদক চাহ্লামং মার্মা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার। সমাবেশে বক্তারা বহিরাগত প্রভাবশালী বদিউল আলমসহ ১০/১২জন ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় পাহাড়ি-বাঙালিদের প্রথাগত ভোগ-দখলীয় ভূমি জবর-দখলে স্থানীয় প্রশাসনের সহযোগিতার অভিযোগ তোলেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, বদির ভূমিদস্যুতার বিষয়ে জেলা আইন-শৃঙ্খলা সভায় উত্থাপিত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনও জানে। পাহাড়ি-বাঙালিদের মাঝে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে ভূমিদস্যুদের প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভূমিদস্যুতার কারণে পার্বত্য এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে।