ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ার কোচটি দীর্ঘদিন যাবত্ নষ্ট থাকায় আত্রাই এলাকার যাত্রী সাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। জানা গেছে, গত বছরের জুন মাসে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের জন্য পাঁচটি এসি চেয়ার বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের মাত্র দুই মাস পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বলা হয় এসি কোচটি নষ্ট। তারপর থেকে অদ্যাবধি যাত্রীগণ এসি কোচে ঢাকা যেতে পারছেন না। অন্যদিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের নামে শোভন চেয়ারের বরাদ্দ আছে ৪০টি। কিন্তু ঢাকাগামী যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় অনেক যাত্রী টিকিট পায় না। ফলে যাত্রীরা বিপাকে পড়ে যান। এ সমস্যা প্রতিদিনের। এলাকার যাত্রীগণের দাবি অতিদ্রুত এসি কোচ সংযোজনসহ শোভন চেয়ারের বরাদ্দ বাড়ানো হোক। এ ব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘এসি কোচ দীর্ঘদিন যাবত্ নষ্ট আছে, সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোন ফল পাওয়া যায়নি।’
