সিংড়ায় ট্রান্সফরমার চুরি বেড়েছে, উদ্বিগ্ন কৃষক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
চলনবিলে ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন এবং চিন্তিত হয়ে পড়েছে কৃষক। গত একমাসে প্রায় অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে। ট্রান্সফরমার চুরি বেড়ে যাওয়ায় আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে কৃষকের। চুরি হওয়া ট্রান্সফরমারের জন্য আবেদন করতে গিয়েও হয়রানির স্বীকার হতে হচ্ছে । তাছাড়া পুরো টাকার লোকসানও গুণতে হচ্ছে তাদের। জানা গেছে, নাটোর পল্লী বিদ্যুতের আওতাধীন চলনবিলের ৯টি উপজেলার ইরি-বোরো মৌসুম সামনে রেখে প্রতিবছর ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করে অন্যত্র বিক্রয় করে। পল্লী বিদ্যুত্ সূত্র জানায়, প্রতি ৫ কেভি ট্রান্সফরমারের জন্য ৩৮ হাজার টাকা, ১০ কেভি টান্সফরমারের জন্য ৫৩ হাজার টাকা এবং ১৫ কেভির জন্য ৮৬ হাজার টাকা পরিশোধ করতে হয়। ট্রান্সফরমার নষ্ট হলে পল্লী বিদ্যুত্ সমিতি নতুন ট্রান্সফরমার সরবরাহ করে। কিন্তু চুরি হলে তা সংশ্লিষ্ট কৃষককে উক্ত টাকা পরিশোধ করতে হয়। সিংড়া উপজেলায় গত ১ সপ্তাহে ৯টি টান্সফরমার চুরির ঘটনা ঘটে। চলনবিলের কৃষক জুলহাস কায়েম বলেন, চলনবিলের ইরি-বোরো মৌসুমে প্রতিবছর ট্রান্সফরমার ও গভীর নলকূপ চুরি হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হচ্ছি। চুরি রোধে রাত জেগে পাহারা দিয়েও কাজ হচ্ছে না। নাটোর পল্লী বিদ্যুত্ সমিতির এজিএমকম আ. রশিদ বলেন, ট্রান্সফরমার চুরির সাথে কারা জড়িত সে বিষয়ে আমরা চিন্তিত। এর মধ্যে বেশকিছু চুরির ঘটনা ঘটেছে ।