নোয়াখালী জেলার চাটখিল পি.জি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মাওলা বাহারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ এনে চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মাওলা বাহার গত ২ বছর ধরে ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করছেন। অভিযোগে প্রকাশ, এ বছর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় ১২০ আসনের বিপরীতে অংশ গ্রহণ করে ৬শ ছাত্র/ছাত্রী। বিকেল ৪টায় রেজাল্টশীট তৈরি হলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা না করে অজ্ঞাত স্থানে গিয়ে রেজাল্টশীট পরিবর্তন করে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন। এতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অনেককে বাদ দেয়া হয়েছে। প্রকাশ, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৩৬ জন এ বিদ্যালয়ে ভর্তি হয়নি। এ শূন্য আসনগুলোতেও তিনি অযোগ্য ছাত্র/ছাত্রী ভর্তি করে জালিয়াতি করেছেন। এছাড়া দীর্ঘদিন বাড়ির পাশে চাকরি করার সুবাদে তিনি বেপরোয়াভাবে নিয়ম নীতি উপক্ষো করে নিজের ইচ্ছামত কাজ করছেন। চাটখিল বাজারে তার রয়েছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। তিনি যথাসময়ে বিদ্যালয়ে না গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সময় কাটাচ্ছেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মাওলা বাহারের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
