সিলেটে পুলিশের গুলিতে আহত শিবির নেতা ও এক ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
সিলেটে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ শিবির নেতা আজগর খান রাহাত এবং ব্যবসায়ী আব্দুর রহমান সুহিন মারা গেছেন। গতকাল সোমবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে রাহাত এবং গত শুক্রবার পুলিশের গুলিতে আহত সুহিন গত রবিবার গভীর রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। শিবির নেতা রাহাতের মৃত্যুর ঘটনায় সিলেটে চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্কাবস্থায় রয়েছেন। দলীয় সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি সিলেটে জামায়াত-শিবির আহূত হরতাল চলাকালে সিলেট মহানগর ছাত্র শিবিরের সমাজসেবা সম্পাদক রাহাত পুলিশের গুলিতে মারাত্মক আহত হন। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে এবং অবস্থার অবনতি হলে ওই দিন বিকালে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। রাহাত মদন মোহন কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। এদিকে গত শুক্রবার সিলেটে তৌহিদী জনতার ব্যানারে বের হওয়া মিছিলে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হন সুহিন (৪০)। তিনি পেশায় স্যানিটারি ব্যবসায়ী ছিলেন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।