মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু

প্রথম দিনেই স্পেকট্রামের দাম কমানোর দাবি অপারেটরদের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
মোবাইল ফোন ব্যবহার এবং বৈচিত্র্যে কতোটা বদলে যাচ্ছে সেই আলোচনা সামনে এনেই গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে অষ্টাদশ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। তবে এশিয়ায় এখনো স্পেকট্রামের দাম বেশি হওয়ায় সমালোচনাও চলছে। বিশেষ করে ভারত এটিকে সেবা হিসেবে না নিয়ে বাণিজ্যিকভাবে নেয়ায় অনেকেই সমালোচনা করেছেন। অনেক দেশে কৃষকরা মোবাইল ফোন ব্যবহার করে বিল্পব ঘটিয়েছে। আবার শিক্ষায় মোবাইলের ব্যবহারে চমত্কারিত্ব এনেছে অনেকে। স্বাস্থ্য সেবায় মোবাইলের ব্যবহারকেও এবারের আয়োজনে গুরুত্ব দেয়া হয়েছে। বদলে যাওয়ার এই শ্লোগানে দেশে দেশে মোবাইল ফোন অপারেটরদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা, বেতার তরঙ্গের মূল্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার দাবিও জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বড় অপারেটররা। চার দিনের কংগ্রেসের উদ্বোধনী সেশনেই এসব দাবি জানানো হয়েছে। বিশ্ব মোবাইল ফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ-এর আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেসটি বার্সেলোনার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয়। টানা অষ্টমবারের মতো ভূ-মধ্য সাগর পাড়ের শহরটিতে বসেছে এ আয়োজন। সম্মেলনে সব মিলে দেড় হাজার স্টল রয়েছে। এবারের আয়োজনে সব মিলে ১২৫টি দেশের ৭০ হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডার, ইন্টারনেট প্লেয়ার্স, এম কমার্স এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। গ্রামীণফোনসহ বাংলাদেশের ছয়টি মোবাইল অপারেটরের কর্মকর্তারা এই কংগ্রেসে অংশ নিতে বার্সেলোনায় রয়েছেন। মজিলার স্মার্ট ফোন অপারেটিং সিস্টেমের উদ্বোধন : বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস শুরুতেই মোবাইল দুনিয়াকে চমকে দিল মজিলা ফায়ারফক্স। সাড়ম্বরে জানাল মজিলার নতুন স্মার্ট ফোন অপারেটিং সিস্টেম বাণিজ্যিকভাবে চালুর কথা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় আড়াই হাজার সাংবাদিক এবং বিশেষজ্ঞদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে মজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি কোভাকস জানান, মজিলা ফায়ারফক্স ব্রাউজারের মতই স্মার্ট ফোন অপারেটিং সিস্টেমও ‘ওপেন সোর্স’। ফলে ব্যবহারকারীর নিজের পছন্দ অনুযায়ী এই অপারেটিং সিস্টেমকে রূপান্তর করে নিতে পারবেন। সাংবাদিক সম্মেলনে মোবাইল ফোন অপারেটর টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিখ বাকসাস বলেন, টেলিনর মজিলার সঙ্গে এই উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বর্তমানে বাজার দখল করে থাকা গোগলের অ্যানড্রয়েড, অ্যাপলের আই ফোন, নকিয়ার লুমিয়া (উইনডোজ ফোন) এবং ব্ল্যাকবেরির নতুন রূপে ফিরে আসা- কোনটাকে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছে মজিলা? জবাবে গ্যারি কোভাকস বিনীত হাসিতে বললেন, গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পারাটাই বড় লক্ষ্য।