স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
আগামী সাত দিনের মধ্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। গতকাল সোমবার সমিতির নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। বার সভাপতি বলেন, হরতাল মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে তা অমানবিক। হরতালের সময় সেখানে পুলিশ ও সরকারের কিছু লোক নির্বিচারে পাখি মারার মতো গুলি চালিয়েছে। গ্রামে গ্রামে ঢুকে মানুষ মেরেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এ ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারবেন, এমন একজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান । জয়নুল আবেদীন বলেন, ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে শাহবাগ চত্বরে প্রজন্ম মঞ্চ হয়েছে। এ নিয়ে বিভিন্ন লেখা ঈল্ফ-পত্রিকায় ছাপা হচ্ছে। এর ওপর ভিত্তি করে মুসলমানদের অন্তরে আঘাত এসেছে। অথচ সরকার এ বিষয়ে কোনো তদন্ত না করেই মুসলমানদের ওপর আক্রমণ করছে। এটা মানবাধিকারের লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।