বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি
++ক্যাম্পাস প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) শেষ হলো সাতদিনব্যাপী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বাত্সরিক উত্সব। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উত্সবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছিল সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ শিক্ষার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের এক বিশাল মিলন মেলা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাষ্টি বোর্ডের সদস্য এ. এফ. এম. সারওয়ার কামাল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউবিটির উপ-উপাচার্য প্রফেসর মোঃ আলী আজম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ এম. কায়কোবাদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কম্পিউটার সায়েন্স এর প্রফেসর ডঃ আবুল এল. হক। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মোঃ আবু সালেহ।
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস
++ক্যাম্পাস প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ব্যতিক্রমধর্মী ‘বাংলা বানান প্রতিযোগিতা’ আয়োজন করে। প্রতিযোগিতায় ১০২ জন শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও বাংলা ভাষায় তাদের সমান পারদর্শিতা রয়েছে। ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেন্দ্রের উপদেষ্টা নজরুল গবেষক ইউল্যাব প্রফেসর এমিরেটাস রফিকুল ইসলাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের এই আগ্রহের ভূয়সী প্রশংসা করেন।
মাইলস্টোন কলেজ
++ক্যাম্পাস প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো উত্তরার মাইলস্টোন কলেজ। এ উপলক্ষে কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ি মাঠে আয়োজন করা হয় আলোচনা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভুঁইয়া (অব.) এবং কলেজের পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। আলোচনা পর্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম এবং উপাধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভুঁইয়া (অব.) বলেন, আমরা পৃথিবীর সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল হবো।
