গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী বাহা উত্সব উদযাপিত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩২
রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী বাহা উত্সব উদযাপিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে উপজেলার কাকনহাট পৌর এলাকার জয়কৃষ্ণপুর গ্রামে ফুলের পূজার মধ্যদিয়ে উত্সবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল ৩টায় বেসরকারি সংস্থা ওক্সফাম ও আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় সাওতাল সারনা ধরম এবং সাংস্কৃতিক রক্ষা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাওতাল সারনা ধরম-এর সভাপতি রবীন হেমরম-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী সমাজ গবেষক অধ্যাপক গনেশ সরেন, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গণেশ মার্ডি, গোদাগাড়ী জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নন্দলাল টুডু, কাকনহাট পৌরসভা পারগানার ধনাই সরেন প্রমুখ। উত্সবে শত শত শিশু, নারীসহ সব বয়সের লোক অংশ নিয়ে দিনভর নাচ, গান করে আনন্দে নিজদেরকে উজাড় করে দেয়। সাওতালদের বৃহত্তম উত্সব বাহা সম্পর্কে ধনাই সরেন বলেন, সাওতালী শব্দ বাহার বাংলা অর্থ হচ্ছে ফুল। ফুলকে পূজা না করলে ফল আহার করা যাবে না। এমনকি ছেলে-মেয়েদের বিয়েও হবে না। এ জন্য সাওতাল সম্প্রদায়ের লোক যুগ যুগ ধরে ফুলকে পূজা করার মাধ্যমে বাহা উত্সব পালন করে আসছে।