‘রক্ষা করলে জাটকা মাছ,ইলিশ পাবেন বারো মাস’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৩ উদ্যাপন হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। সকালে শোভাযাত্রা উপজেলা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুঃ শুকুর আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মত্স্য অফিসার নারায়ণ চন্দ মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মত্স্য অফিসার মো. নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান,উপাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন তালুকদার, থানা অফিসার ইনচার্জ আসলামউদ্দিন, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম, খাউলিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, শরণখোলা ক্ষুদ্র মত্স্যজীবী সমিতির সভাপতি কামাল বয়াতি, মত্স্যজীবী প্রতিনিধি আলামিন শেখ প্রমুখ।
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান,
“রক্ষা করলে জাটকা মাছ, ইলিশ পাবে বারো মাস”—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ফটক থেকে একটি র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হান্নানউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।
