বামনায় নিখোঁজ সুরমা সাত বছর পর ফিরলো

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
বরগুনার বামনা উপজেলার উত্তর গোলাঘাটা কড়ইতলা গ্রামের মৃত সাহেদ চৌকিদারের নিখোঁজ কন্যা সুরমা বেগম (১৮) সাত বছর পর গত শুক্রবার তার নিজ বাড়ীতে ফিরে এলো। এলাকার শত শত নারী-পুরুষ তাকে একনজর দেখার জন্য তার বাড়ীতে প্রতিনিয়ত ভীড় করছে। ঘটনার বিবরণে জানা যায়, ছোটবেলায় সুরমার মা মারা যাওয়ার পর সুরমা তার এক চাচা আবদুল কুদ্দুস হাওলাদারের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী গ্রামের বাড়ীতে যায়। সেখানে কিছু দিন থাকার পর একদিন সুরমা চাচার বাড়ী থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলে। এক পর্যায়ে চাচার ভায়রা ইউসুফ মিলিটারীর সাথে দেখা হয়। ইউসুফ মিলিটারী সুরমাকে বুঝিয়ে একটি বাসায় কাজ করার জন্য দিয়ে আসে। বাড়ীর পথ না চিনতে পারায় সে ঐ বাড়ীতেই থেকে যায়। বাড়ীর মালিকের সহায়তায় এক পর্যায় জনৈক মহসীনের সাথে সুরমার বিয়া হয়। বিয়ার পর স্বামীকে নিয়ে বামনায় বাবার বাড়ীতে দেখা করতে এলে তার বাড়ীতে উত্সুক জনতার ভীড় জমে। এদিকে সুরমা নিখোঁজ হওয়ার পর তার ফুফা বেলায়েত হোসেন বরগুনার কোর্টে আবদুল কুদ্দুস হাওলাদারকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে নিষ্পত্তি হয়েছে।