নীলফামারী জেলার সৈয়দপুর থেকে একজন ভুয়া এএসপিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত শামসুজ্জামান নয়ন (২৬)। দীর্ঘ এক বছর ধরে বিভিন্নস্থানে পুলিশের এএসপি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুটিপসরাডাঙ্গা গ্রামের আবেদ আলীর পুত্র সামসুজ্জামান নয়ন। তার এলাকার ট্রেনিংরত এএসপি জাহাঙ্গীরের নাম ভাঙ্গিয়ে এএসপি পরিচয় দিয়ে দু’দিন আগে পুলিশের রেস্টহাউজে ওঠে এবং এখান থেকে নানা অপকর্ম চালাতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে পুলিশ গত সোমবার অভিয়ান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
