জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদেরকে আগামী প্রজন্মের কাছে চির অমর রাখার লক্ষ্যে স্বাধীনতার ৪২ বছর হাজীগঞ্জে নির্মিত হতে যাচ্ছে স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা চত্বর। এক কোটি টাকা ব্যয়ে এ মহান উদ্যোগটি নিলেন হাজীগঞ্জ পৌর মেয়র আঃ মান্নান খান। এটি নির্মিত হচ্ছে পৌরসভার নিজস্ব অর্থায়নে। স্বাধীনতা স্তম্ভটি নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তার মোড়। ইতোমধ্যে সড়ক ও জনপথ থেকে ৪২ ফুট জায়গার অনুমতি নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ৪০ ফুট উচ্চতাবিশিষ্ট স্বাধীনতা স্তম্ভটির চতুর্দিকে থাকবে ঝর্ণা। মেয়র গতকাল পৌরসভার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগামী ৬ মাসের পৌর উন্নয়ন কার্যক্রম ঘোষণা করেন।
