নেত্রকোনা জেলা খাদ্য পরিদর্শক কমিটি গঠন
নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি নেত্রকোনা জেলা ইউনিটের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গতকাল মঙ্গলবার গঠন করা হয়েছে। সাবেক খাদ্য পরিদর্শক আজিজুল হকের সভাপতিত্বে কমিটি গঠন করা হয়। কমিটির সিতাংশু কুমার চন্দ সভাপতি, মো. এরশাদুর রহমান খান সাধারণ সম্পাদক।
টুঙ্গিপাড়ায় জাগরণীচক্রের প্রশিক্ষণ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেসরকারি সংস্থা জাগরণীচক্র ফাউন্ডেশন গতকাল মঙ্গলবার পাটগাতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের নিয়ে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণের আয়েজন করে।
নীলফামারীর তিন দোকানে ডাকাতি
নীলফামারী প্রতিনিধি \ সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়ন সংলগ্ন দিনাজপুর জেলার খানসামা চৌরঙ্গী বাজারের দুই পাহারাদারের হাত-পা বেঁধে মারপিট করে সোমবার রাতে ৩ দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে।
নাচোলে ব্যবসায়ীদের কর্মশালা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোলে স্থানীয় ব্যবসায়ী ও উত্পাদনশীল ক্ষুদ্র কারিগরদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস)’র উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলার কসবা ইউপি’র এলাইপুর সিএমইএস’র ইউনিট চত্বরে অর্ধশতাধিক উত্পাদনশীল ক্ষুদ্র কারিগর ও স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, ইউনিট অর্গানাইজার বিমল রায়।
নিকলীতে নারী উদ্যোগ কেন্দ্রের কর্মশালা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ নিকলী উপজেলা পরিষদ হলরুমে গতকাল মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের উদ্যোগে ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় কিশোরী ও নারী নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে অধিকতর সেবা নিশ্চিতকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. হাবীবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন।
কালকিনিতে ভ্রাম্যমাণ আদালত
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি পৌরসভার লক্ষ্মীপুর পখিরা এলাকার পালরদী নদীতে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ফজলে আজিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেসিনসহ পৌরসভার কাষ্টগর গ্রামের সরোয়ার হোসেন বেপারী, আয়নাল হাওলাদার ও রাশেল বেপারীসহ ৩জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে।
ঝিনাইদহে কৃষি ও প্রযুক্তিমেলা শুরু
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার থেকে ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তিমেলা শুরু হয়েছে। কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
গুরুদাসপুর পৌর মেয়র সংবর্ধিত
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা \ মাদার তেরেসা পুরস্কার অর্জন করায় নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহরের চাঁচকৈড় বাজারস্থ ‘যাদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চে গণসংবর্ধনার আয়োজন করা হয়। গুরুদাসপুর উপজেলা ও পৌর আ.লীগ যৌথভাবে ওই সংবর্ধনার আয়োজন করে।
টেকনাফে ৪২ লাখ টাকার ইয়াবাসহ আটক তিন
কক্সবাজার প্রতিনিধি \ টেকনাফের হোয়াইক্যং-এ কাঠ বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৯৫৮ পিস ইয়াবা টেবলেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার রাত ৯টায় চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে ইয়াবাসহ তাদের আটক করার পর থানা-পুলিশে সোপর্দ করা হয়।
শ্যামনগরে বাস টার্মিনাল উদ্বোধন
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা শ্যামনগর অবহেলিত জনপদের সিএন্ডবি রাস্তার দু’পার্শ্বে ঢাকাগামী পরিবহন, ট্রাক, বাস, মাইক্রো, পিকআপসহ অন্যান্য যানবাহন থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ গেছে অনেক নিরীহ মানুষের। মঙ্গলবার বাস টার্মিনাল উদ্বোধন করেন জাতীয় সংসদ এইচ এম গোলাম রেজা।
নেত্রকোনায় রেডক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচি
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় বইমেলা উপলক্ষে গতকাল সোমবার থেকে রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান।
টুঙ্গিপাড়ায় সিসিডিবির কর্মশালা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিসিডিবি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সমন্বয়ে, সামাজিক বাধাসমূহ দূর করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্তে আলোচনা হয়।
ঘোড়াঘাটে রিকের সমন্বয় সভা অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা\ গত সোমবার সকালে বুলাকীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে রিক ঘোড়াঘাট কার্যালয়ের বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের সহযোগীতায় ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে সৌহার্দ্য ওও কর্মসূচির অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কর্মীদের নিয়ে এক ষান্মাসিক সমন্বয় সভা বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মফাজ্জল হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শামসুর রহমান কাজল।
মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার রাতে তহবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। তহবাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক অ্যাড. মোখলেছুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
বড়াইগ্রামে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
গতকাল রবিবার পৌর অডিটরিয়ামে মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট শেখ আব্দুল মোমিন।
ঠাকুরগাঁওয়ে বন্ধুর হাতে বন্ধু খুন
ঠাকুরগাঁও প্রতিনিধি \ জাল ডলারের লভ্যাংশ ভাগাভাগিকে কেন্দ করে বন্ধুদের হামলায় রফিক (৩০) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার কয়েকজন সস্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। নিহত রফিক শহরের গোয়ালপাড়া মহল্লার আব্দুর রহমানের পুত্র।
পুলিশ জানায়, নিহত রফিক কয়েকজন বন্ধুসহ সদর উপজেলার গড়েয়া জাল ডলার কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত ছিল। সোমবার সকালে ডলার ব্যবসার লভ্যাংশের অসম ভাগাভাগি নিয়ে দিপু ও নিহত রফিকের মাঝে সংঘর্ষ বাধে।
ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষক হত্যার প্রতিবাদে মিছিল
ভ্রাম্যমাণ প্রতিনিধি\ সোমবার ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে মাদ্রাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল বের করে। মিছিলটি সড়কের উপর আসলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে বিক্ষোভ সমাবেশ করে।
গোমস্তাপুরে হিন্দু ধর্মের গঙ্গা স্নান অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গোমস্তাপুর উপজেলা বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর মহা শশ্মানে সোমবার হিন্দু ধর্মের গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। গঙ্গা স্নান উপলক্ষে দিনব্যাপী পূজা অর্চনা ও কীর্তন অনুষ্ঠিত হয়। বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম (বাচ্চু), ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল ও হালিমা বেগম, গঙ্গা স্নান কমিটির সভাপতি শ্রী ভৈরব চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী রবি দত্ত।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। প্রক্টর ড. মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আবুল বাসার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম।
ফরিদগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
ফরিদগঞ্জ(চাঁদপুর)সংবাদদাতা \ ফরিদগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন চাচা দেলোয়ার হোসেন (৪০)। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। এব্যাপারে অভিযুক্ত ভাতিজা রাশেদ মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছোটভাই তছলিম হোসেন।
পাটগ্রামে তিন ছিনতাইকারীকে গণধোলাই
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা \ বাইসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পথচারী মজিদুল ইসলামের চিত্কারে এলাকাবাসী তিন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। গত রবিবার রাত দশটায় পাটগ্রাম বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার সময় পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের বামনপাড়া গ্রামের মজিদুল ইসলামের সাইকেল, মোবাইল, টাকা ছিনতাইকালে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা হলো- পানবাড়ী গ্রামের ইফতেখারুল ইসলাম মিল্লাত (১৮), জগতবেড় ভান্ডারদহ গ্রামের জুবায়ের হোসেন প্রধান (১৮) ও জোংড়ার মঞ্জুর আলম পলাশ (২০)।
