ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ নিজেই নতুন মেয়াদে শপথ নেয়ার তারিখ নির্ধারণ করবেন। এক্ষেত্রে তিনি যখনই দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে নিজেকে প্রস্তুত মনে করবেন তখনই শপথ নেবেন। সোমবার জাতীয় পরিষদের স্পিকার দিয়োসদাদো কাবেলো একথা জানান। ভেনিজুয়েলার মিত্র দেশ কিউবায় দুই মাস ক্যান্সার চিকিত্সার পর শ্যাভেজ গত সপ্তাহে কারাকাসে ফিরে আসেন। তার এই অনুপস্থিতির কারণে তার ১০ জানুয়ারির শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরে আসার পর থেকেই তিনি একটি সামরিক হাসপাতালে অবস্থান করছেন। জাতীয় পরিষদের স্পিকার কাবেলো সাংবাদিকদের বলেন, ‘নতুন মেয়াদ শপথ গ্রহণের জন্য প্রেসিডেন্ট যখনই নিজেকে প্রস্তুত মনে করবেন তখনই তিনি সুপ্রিম কোর্টকে জানাতে পারেন। এক্ষেত্রে তিনিই সিদ্ধান্ত নেবেন।’
উল্লেখ্য, শ্যাভেজ ক্যান্সার চিকিত্সার জন্য কিউবায় থাকায় সরকার আইন পরিষদে তার ১০ জানুয়ারির শপথ গ্রহণের তারিখ পরিবর্তন করে জানায়, তিনি পরে সুবিধাজনক কোন এক সময়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে শপথ নিবেন। দেশের উচ্চ আদালত সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন করে। এদিকে বিরোধী দল এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে।
