দুবাই ওপেন

অঘটন এড়ালেন ফেদেরার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৬
বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরারের দুবাই ওপেনের শুরুটা একদমই প্রত্যাশা মাফিক হয়নি। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা প্রতিপক্ষ মালিক জাজিরির বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে গত সোমবার ৫-৭, ৬-০,৬-২ গেমের কষ্টার্জিত জয় পান ফেদেরার। এর আগে কখনোই জাজিরির মুখোমুখি হননি সুইস সুপারস্টার ফেদেরার। র্যাঙ্কিংয়ে দু’জনের ব্যবধানও দুস্তর। তবে তিউনিশিয়ার খেলোয়াড় বলেই হয়তো জনপ্রিয়তার মাপকাঠিতে আরব বিশ্বে ফেদেরারের চেয়ে এগিয়ে তিনি। আর তাই সোমবার কোর্টে তার সঙ্গে ছিল বিপুল দর্শক সমর্থন। এই সুবিধাকে কাজে লাগিয়ে রেকর্ড ১৫টি গ্রান্ড স্ল্যাম শিরোপাধারি ফেদেরারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে চমকেই দিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঠিকই ম্যাচে ফেরেন অভিজ্ঞ ফেদেরার। ৬-০ গেমে তাকে উড়িয়ে দেয়ার পরে তৃতীয় সেটেও ৬-২ গেমে জয় তুলে নিয়ে অঘটন এড়ান ফেদেরার। ম্যাচ শেষে ফেদেরার তার এই বাজে পারফরম্যান্সের জন্য দুষেছেন প্রতিপক্ষ সম্পর্কে তার অনভিজ্ঞতাকেই। পাশাপাশি জানিয়েছেন মালিকির সস্পর্কে তার মুগ্ধতার কথাও। তিনি বলেন, ‘তার (মালিকি) মত একজন খেলোয়াড়ের বিপক্ষে মধ্যপ্রাচ্যে খেলা সবসময়ই কঠিন। আর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে যেকোন টুর্নামেন্টেই প্রথম রাউন্ডটা চাপেই থাকতে হয়।’