গ্যারেথ বেলের জাদুকরী ফুটবলে আবারো বিমোহিত হলো টটেনহ্যাম হটস্পার। গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েলসের ২৩ বছর বয়সী এই ফুটবলারের জোড়া গোলে কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। সেই সাথে এই জয়ে টটেনহ্যাম চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসিকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে।
বেল এ নিয়ে টানা ছয় ম্যাচে আট গোল করলেন। প্রিমিয়ার লিগে ১৫ গোল করে গোলদাতাদের তালিকায় তিনি আছেন যৌথভাবে তৃতীয়স্থানে। সোয়ানসি সিটির জাদুকরী স্প্যানিশ ফুটবলার মিচুর গোলও তার সমান। লিভারপুলের লুইস সুয়ারেজ ১৮ গোল করে দ্বিতীয় স্থানে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ ফুটবলার রবিন ফন পার্সি ১৯ গোল করে আছেন সবার উপরে। বেলের এই নৈপুণ্যে মুগ্ধ ভিলাস বোয়াস খেলোয়াড়টির বর্ষসেরা ফুটবলার হবার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, বর্ষসেরা হওয়ার জন্য বেলের পর্যাপ্ত ভোট পাওয়া উচিত।
খেলার ১৩ মিনিটে বেল অসাধারণ নৈপুণ্যে দলের প্রথম গোল করেন। উপটন পার্কে ওয়েস্টহ্যাম সমতায় ফেরে ২৫ মিনিটে অ্যান্ডি ক্যারোলের পেনাল্টি গোলে। জো কোল দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের ২-১ ব্যবধান এনে দেন। আইসল্যান্ডের মিডফিল্ডার গিলফি সিগার্ডসন লন্ডনের ক্লাব টটেনহ্যামকে সমতায় ফেরান। বেল ম্যাচের অন্তিম মুহূর্তে ম্যাচ জেতানো গোলটি করে আনন্দে ভাসান টটেনহ্যাম শিবিরকে। ওয়েস্টহ্যাম ও টটেনহ্যাম শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। এর মধ্যে পার্থক্য গড়ে দেন বেল। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও জোরালো হলো টটেনহ্যামের।
ইউরোপা লিগের শেষ ৩২ এর প্রথম লেগে ফ্রান্সের দল লিঁওর বিপক্ষেও দলকে জিতিয়েছিল বেলের জোড়া গোল। এর আগে প্রিমিয়ার লিগে নিউ ক্যাসলের বিপক্ষেও জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি। তাই দ্বিতীয় লেগে টটেনহ্যাম ১-১ গোলে ড্র করেও শেষ ষোলোয় পৌঁছে যায়। টটেনহ্যামেই ২০১১ সালে প্রফেশনাল ফুটবল এসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বেল। পরের বছর এটি জিতেছিলেন আর্সেনালের ফন পার্সি। ইউনাইটেডে গিয়েও গোল করে চলা পার্সি একই পুরস্কার পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। বেলের এমন নৈপুণ্যে প্রশংসা করেছেন কোচ ভিলাস বোয়াস। ওয়েস্টহ্যামের ম্যানেজার স্যাম অ্যালারডাইসেও মুগ্ধ বেলে। তিনি বলেন, ‘আজ রাতের ফলাফলে একজনকে ধন্যবাদ দিতে হয় সে গ্যারাথ বেল। সে আলাদা। তার বিস্ময় গোল চলছেই।’ ম্যাচ শেষে ভিয়াস-বোয়াস বলেন, ‘আমি মনে করি সেই বছরের সেরা খেলোয়াড়। তার প্রতিভা আগে থেকেই ছিল। কিন্তু এই মৌসুমে সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিটি ম্যাচে সে পার্থক্য গড়ে দিচ্ছে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবারের ফল : ওয়েস্টহ্যাম ইউনাইটেড ২ টটেনহ্যাম হটস্পার ৩
