প্রযুক্তি ব্যক্তিত্ব লতফি জাদেহ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
ফাজি লজিককে নতুন করে প্রযুক্তি সংশ্লিষ্ট সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই ফাজি লজিকের তত্ত্ব দিয়ে যিনি বিখ্যাত হয়ে রয়েছেন প্রযুক্তির ইতিহাসে, তার নাম লতফি এ. জাদেহ। লতফি জন্মগ্রহণ করেন ১৯২১ সালের ৪ ফেব্রুয়ারি আজারবাইজানের বাকু শহরে। ১৯৩১ সালে যখন লতফির বয়স ১০ বছর, তখন তার পরিবার ইরানে বসবাস শুরু করে। ১৯৪২ সালে তিনি তেহরান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক পর্যায়ে তার অধ্যয়নের বিষয় ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ১৯৪৩ সালে জাদেহ যুক্তরাষ্ট্রে গমন করেন এবং সেখানে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন। সেখানে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই এমএস উত্তীর্ণ হন। পরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েই তিনি অধ্যাপনা শুরু করেন। ফাজি লজিক নিয়ে তিনি শুরু থেকেই কাজ করতে থাকেন। তবে ১৯৭৩ সালে তিনি এই বিষয়ে তার চূড়ান্ত প্রস্তাবনাটি হাজির করেন। ফাজি লজিক ছাড়াও তিনি জেড-ট্রান্সফর্ম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ডিজিটাল কন্ট্রোল নিয়েও কাজ করেছেন।