অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মেলা গতকাল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘জ্ঞানের মেলায় এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’ প্রকাশকদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন বলে প্রকাশকদের আশ্বস্ত করেন। এছাড়া অধ্যাপক মুনতাসির মামুন, কবি মুহাম্মদ নুরুল হুদা, ইমদাদুল হক মিলন, আনিসুল হক প্রমুখ মেলা পরিদর্শন করেন।
মেলায় মেহের আফরোজ শাওন
গতকাল মেলায় এসেছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। অন্য প্রকাশের স্টলে বসেছিলেন তিনি। হুমায়ূন আহমেদের বই কিনে অনেক ভক্ত-পাঠকই তার সই সংগ্রহ করলেন বইতে। মেলায় এবারই প্রথম এলেন তিনি। এর আগে প্রতিবছর প্রিয় লেখকের অপেক্ষায় থাকতেন পাঠক। আজ তিনি নেই। সেই কষ্ট তাড়িত করছিল শাওনকে।
নজরুল মঞ্চের চিত্র
গতকাল মঙ্গলবার মেলার ২৬তম দিনে নজরুল মঞ্চে ১২টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও শাহিদা খাতুন উন্মোচন করেন দি স্কাই পাবলিশার্স থেকে প্রকাশিত সৈয়দা আইরিন জামানের ‘শত জলঝরনার ধ্বনি’।
নতুন বই
একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপ-বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মেলার ২৬তম দিনে গতকাল ১০০টি নতুন বই এসেছে। গল্প ৮টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৪টি, কবিতা ২৮টি, গবেষণা ১টি, ছড়া ৪টি, শিশুতোষ ৫টি, জীবনী ১টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ১টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, কম্পিউটার ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বিষয়ের উপর ২৩টি নতুন বই প্রকাশিত হয়েছে।
মূল মঞ্চের আয়োজন
গতকাল বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফিরোজ মাহমুদ। আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, বিশিষ্ট গবেষক হাশেম সূফী এবং ড. সাইফুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মমিন চৌধুরী।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সায়েরা হাবীব। এ. কে. এম. শামীম রেজার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘মাটির সুর সংগীত পরিষদ’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী জুবায়ের আল্ফ-ই-সানী।
আজকের আয়োজন
আজ বিকেলে মেলার মূল মঞ্চে ‘প্রিয় হুমায়ূন আহমেদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন। আলোচনায় অংশ নেবেন পূরবী বসু, মাজহারুল ইসলাম এবং শাকুর মজিদ। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
