লাউয়াছড়া জাতীয় উদ্যানে কলেজ শিক্ষার্থীর খণ্ডিত লাশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর থেকে খণ্ডিত এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলস্থ জিআরপি থানার পুলিশ এ লাশটি উদ্ধার করে। সকালে জাতীয় উদ্যানের মহিষমারা রেলওয়ে সেতুর পাশে কয়েক টুকরায় খণ্ডিত ওবায়দুর রহমান রাফি (২০) নামে এক কলেজ ছাত্রের লাশ পড়ে থাকার কথা শোনা যায়। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম খণ্ডিত লাশ দেখে শ্রীমঙ্গল জিআরপি থানায় খবর দেন। নিহত যুবকের বাম হাত ও ডান পায়ের গোড়ালি পাওয়া যায়নি। নিহত রাফি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মৃত জিল্লুর রহমানের পুত্র। সে মৌলভীবাজারে ভগ্নিপতির মুসলিম কোয়ার্টারের বাড়িতে থেকে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র হিসাবে মৌলভীবাজার সরকারি কলেজে লেখাপড়া করতো। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার সকালে সিলেটে শাহজালাল (রঃ) মাজার জিয়ারতের উদ্দেশে বাসা থেকে বের হয়। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক ইকবালের উপস্থিতিতে শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে রাফির দেহ খণ্ড হয় বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ।