মুক্তিযুদ্ধের বিরুদ্ধের সাংবাদিকদের সঙ্গে আর নয়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী সাংবাদিকদের সঙ্গে আর কোনো ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে না। যারা নিরপেক্ষতার কথা বলে স্বাধীনতা বিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের সঙ্গে আর কোনো ঐক্যবদ্ধ আন্দোলন নয়। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও সাংবাদিকদের ওপর আক্রমণ, জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ২৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ওই দিন জাতীয় পতাকার মতো যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে সাগর-রুনির হত্যার বিচার চেয়েছিলাম। কিন্তু একাত্তরের খুনিদের বিচারের দাবিতে যখন আমরা আন্দোলন করছি, তখন তারা আমাদের সঙ্গে আসতে পারেননি। আমরা তাদের ধিক্কার জানাই। তারা যে নিরপেক্ষতার কথা বলছেন, তা আমরা বিশ্বাস করতে পারি না। তিনি বলেন, আগামীতে সাংবাদিকদের ওপর আক্রমণ করা হলে তা সহ্য করা হবে না। সাংবাদিক নেতা ও ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন বলেন, একাত্তরে যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কোনো ভাবেই এদের ছাড় দেয়া যাবে না। বিএফইউজে’র সাবেক সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিইও মনজরুল আহসান বুলবুল বলেন, যারা জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙচুরের বিরুদ্ধে কথা বলেন না তাদের নিয়ে ঐক্য হতে পারে না। ডিইউজে’র সাধারণ সম্পাদক শাবান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, বিএফইউজে’র সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ, ডিইউজে’র সভাপতি ওমর ফারুক, প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া, মোজাম্মেল বাবু, শাহ আলমগীর, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, আজিজুল ইসলাম ভুঁইয়া, নাসিমুন আরা হক, নাজনীন হক, আতাউর রহমান আতা, সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আক্তারুজ্জামান লাবলু এবং বিখ্যাত শিল্পী ভাস্কর রাসা সমাবেশে সংহতি প্রকাশ করেন।