ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে ১৪ তাজা ককটেল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
গতকাল মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৯ সদস্যরা। র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ মাহফুজ উল আমিন নূরের নেতৃত্বে র্যাব সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের পিছন থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেল সদর থানায় রয়েছে। সংসদ সদস্যের কার্যালয়সহ ৩ স্থানে বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ তিন স্থানে ফের হাতবোমা হামলা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে শহরের হালদারপাড়ায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে পর পর ৪টি হাতবোমা নিক্ষেপ করা হয়। রাত ১১টার দিকে শহরের টিএ রোড এলাকার ‘মালু মিয়া ম্যানশনের’ সামনে মুখোশধারী মোটরসাইকেল আরোহীরা পরপর ২টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। রাত পৌনে ১টায় ফকিরাপুল ব্রিজের গোড়ায় একটি বোমার বিস্ফোরণ ঘটনানো হয়। একের পর এক বোমা হামলার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের হালদারপাড়ায় স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে একটি মোটরসাইকেল থেকে মুখোশধারী যুবকরা ৪টি হাতবোমা নিক্ষেপ করে। দুটি জানালার গ্লাস ভেঙে যায়। পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী জানান, ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।