যুক্তরাষ্ট্রের বাজেট সংকট উত্তরণে কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ১ মে স্বয়ংক্রিয় ব্যয় হ্রাস কার্যকর হবে। তিনি সতর্ক করে দেন, ৮৫ বিলিয়ন ডলার বাজেট হ্রাস কার্যকর হলে হাজার হাজার শিক্ষক কর্মহীন হবেন এবং অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হবে। স্বয়ংক্রিয় ব্যয় হ্রাস কার্যকর হবার আগেই কংগ্রেসকে কর বৃদ্ধি ও কিছু ক্ষেত্রে ব্যয় হ্রাস অনুমোদন করার আহ্বান জানান তিনি। খবর বিবিসি ও রয়টার্সের। গত সোমবার হোয়াইট হাউসে দুই দলের গভর্নরদের সমাবেশে ওবামা বলেন, আমরা ব্যয় হ্রাস ঘটতে দেব না। সামান্য সমঝোতা করে কংগ্রেস যে কোন সময় তা পরিবর্তন করতে পারে। রিপাবলিকানরা বলেছেন, কর বাড়ানোর কোন সমঝোতায় তারা যাবেন না। অভিবাসন নীতি সংস্কার ও ব্যয় হ্রাস নিয়ে গতকাল শীর্ষ স্থানীয় রিপাবলিকান নেতা জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহামের ওবামার বৈঠক করার কথা। স্বয়ংক্রিয় কর হ্রাসের মাধ্যম ১০ বছরে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাস পাবে।
