আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জামায়াত যুদ্ধাপরাধীদের দল। দীর্ঘ ৪০ বছর পরও দলটি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এজন্য তারা বাংলাদেশের পতাকা পুড়িয়ে এদেশে পাকিস্তানের পতাকা উড়াতে চায়। যুদ্ধাপরাধী জামায়াত ছাড়া দেশের কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না।’ গতকাল মঙ্গলবার বিকালে নগরীর মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান কালুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক শ্যামল কুমার ঘোষ। শোক প্রস্তাব পাঠ করেন বোয়ালিয়া থানা পশ্চিমের আহ্বায়ক আব্দুস সালাম।
