ইসলাম নিয়ে কটূক্তিকারীদের ফাঁসির দাবি ব্রাহ্মণবাড়িয়ায়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
রাসুল (সঃ) ও ইসলাম সম্পর্কে কটূক্তিকারী ব্লগার এবং নাস্তিক মুরতাদদের অবিলম্বে ফাঁসির দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে তৌহিদী জনতার সমাবেশে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, মুরতাদ ও নাস্তিকদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইসলাম ও রাসুল (সঃ) সম্পর্কে কোন ধরনের কটূক্তি বরদাশত করা হবে না। মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী, মাওলানা জুবায়ের আহমেদ আনছারী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, মাওলানা জুনায়েদ আল হাবিবী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাজেদুর রহমান, মুফতি আব্দুর রহিম কাশেমী, মুফতি মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, হাফেজ মোঃ ইদ্রিস, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি এনামূল হাসান প্রমুখ। সমাবেশে ৬টি প্রস্তাবনা পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে স্বঘোষিত নাস্তিক মুরতাদদের আইনের আওতায় এনে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি, গ্রেফতারকৃত সকল আলেম ওলামাদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহার ইত্যাদি। দাবিসমূহ পূরণ না হলে ওলামায়ে কেরামদের নেতৃত্বে ঢাকা অভিমুখী অবরোধসহ কঠোর কর্মসূচির দেয়ার ঘোষণা দেয়া হয়। এদিকে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে জেলার ১৭০টি মাদ্রাসার হাজার হাজার শিক্ষক-ছাত্র এবং তৌহিদী জনতা মিছিল করে সমাবেশ স্থলে আসে। প্রতিবাদ সমাবেশকে ঘিরে র্যাব-৯, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকে। সমাবেশ স্থলে তল্লাশি চালিয়ে লোকজনকে ঢুকতে দেয়া হয়। আইন-শৃংখলা রক্ষায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।