সাংবাদিক কাজী জাফরুল ইসলামের ইন্তেকাল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
বিশিষ্ট সাংবাদিক, ৬০ এর দশকের ছাত্রনেতা, গবেষক ও লেখক কাজী জাফরুল ইসলাম আর নেই। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় চট্টগ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজ ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা ও আসর নামাজের পর মীরসরাই উপজেলার উত্তর হাইতকান্দি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজাশেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কাজী জাফরুল ইসলাম চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি ও বিএফইউজের সহ-সভাপতি। তিনি চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খেলাঘরের চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘ ২০ বছর দায়িত্ব পালন করেন। তিনি খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনী আন্দোলন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন।