শিক্ষক ধর্মঘটে তিন দিন ধরে অচল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
শিক্ষকদের টানা ধর্মঘটে অচল হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম। ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক সমিতি গত রবিবার থেকে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ সকল একাডেমিক কর্মকাণ্ড তিন দিন ধরে বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবারও শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ক্লাস নেননি। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত আন্দোলনরত শতাধিক শিক্ষক প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, ‘উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নতির কথা ভাবছেন না। প্রতি বিভাগে ৭টি ব্যাচের জন্য রয়েছে মাত্র দুটি ক্লাসরুম। কোন কোন বিভাগে একটি ক্লাসরুম রয়েছে। ফলে বিভাগীয় ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় ভর্তি কার্যক্রম সম্পন্নের দুই মাস অতিক্রান্ত হলেও নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হয়নি। ফলে অনিশ্চয়তায় পড়েছে সহস্রাধিক শিক্ষার্থী।’ শিক্ষক সমিতির সভাপতি ড. আহসান উল্যাহ জানান, ‘শিক্ষকদের ন্যায্য দাবি থেকে উপাচার্য শিক্ষকদের বঞ্চিত করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে জানতে কুবির উপাচার্য ড. আমির হোসেন খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। শিক্ষকদের পাঁচ দফার মধ্যে রয়েছে পদোন্নতির নীতিমালা প্রণয়ন, দুই বছরের মধ্যে স্থায়ীকরণ, পর্যাপ্ত ক্লাসরুম বৃদ্ধি, ল্যান্ডফোন ও ইন্টারনেট সুবিধা প্রদান এবং লাইব্রেরি সম্প্রসারণ। গত ২০ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এই ধর্মঘট আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।