আলফাডাঙ্গায় আহত পুলিশের সাবেক সদস্যের মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোবাইল হারানোকে কেন্দ্র করে ঘটা হামলায় আহত পুলিশের সাবেক সদস্য মোস্তফা মারা গেছেন। গত সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের মোগবুল হোসেন মোল্লার ছেলে। এলাকাবাসী জানায়, মোস্তফার জামাই বাবু ও তার ভাতিজা জাহিদ এলাকার মসজিদে মোবাইল চার্জ দিয়ে বাইরে যায়। পরে মোবাইল না পেয়ে আলী মোল্লা নামে একজনকে দোষারোপ করে তারা। এতে আলী মোল্লার ছেলে ক্ষিপ্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি মোস্তফা ও তার ভাই মাহফুজের ওপর হামলা করে গুরুতর আহত করে। ওই রাতে তাদের প্রথমে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয় তাদের। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় মামলা (নম্বর-জিআর ১৩/৯/২/১৩ইং) দায়ের করা হয়। নিহতের ছোট ভাই গোলজারের অভিযোগ, পুলিশ আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের হয়রানি করছেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক এ অভিযোগ অস্বীকার করেছেন।