বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। দেশে ফেরার পর তিনি মানিকগঞ্জ যাবেন। ব্লগে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে গত রবিবার ইসলামী ও সমমনা ১২ দলের ডাকে হরতাল চলাকালে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে চার জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সেখানে সমাবেশ করবে স্থানীয় বিএনপি। সেই সমাবেশে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এদিকে, মানিকগঞ্জের এই ঘটনা তদন্তে গঠিত বিএনপির সংসদীয় তদন্ত কমিটি আগামীকাল সিংগাইর যাচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া আগামীকাল দেশে ফেরার পর মানিকগঞ্জের সমাবেশের তারিখ ঠিক করা হবে। উল্লেখ্য, বিরোধী দলীয় নেতার মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল। তবে চিকিত্সকের পরামর্শে তিনি দু’দিন বেশি সেখানে অবস্থান করবেন। গত ১৯ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুর যান।
