গোয়ার শিক্ষার্থীদের জন্য ২৫ রুপিতেই নোটবুক, ট্যাবলেট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৮
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটিং ডিভাইসের ব্যবহার বৃদ্ধি করতে ভারত সরকার অনেকদিন থেকেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে আসছে। ইতোমধ্যেই স্বল্পমূল্যের ‘আকাশ’ ট্যাবলেট সাড়া জাগিয়েছে ভারতসহ গোটা বিশ্বেই। তবে এবারে ভারতের গোয়া’র শিক্ষার্থীদের জন্য আরও চমকিত এক সুযোগ চালু করছে সেখানকার প্রশাসন। ডিজিটাল বিশ্বের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতেই এবারে মাত্র ২৫ রুপিতেই নোটবুক ও ট্যাবলেট পিসি শিক্ষার্থীদের প্রদান করবে গোয়া প্রশাসন। সেখানকার অতিরিক্ত শিক্ষা পরিচালক অনিল পাওয়ার জানিয়েছেন, মাত্র ২৫ রুপিতেই একটি নোটবুক বা ট্যাবলেট পিসি সংগ্রহ করতে পারবেন একজন শিক্ষার্থী। তবে যারা উপজাতি, আদিবাসী বা অন্য কোটার সুবিধা পেয়ে থাকে, তাদের জন্য এই খরচ মাত্র ১০ রুপি। এসব ডিভাইসকে বিশেষভাবে তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের জন্যই। ক্লাসের পড়ার পাশাপাশি বাড়িতে পড়া তৈরি করতেও সহায়তা করবে। আর এর জন্য ভারতের পাঠ্যসূচী অনুযায়ী বিভিন্ন অ্যাপ্লিকেশন ও প্রোগ্রামও ডিজাইন করা হয়েছে এসব ডিভাইসের জন্য। অনিল জানান, ইতোমধ্যেই ৯৫ কোটি রুপি ব্যয়ে প্রথম পর্বের জন্য ৫০ হাজার ডিভাইস কেনা হয়েছে শিক্ষার্থীদের জন্য। পরে সকল শিক্ষার্থীর কাছে এগুলো পৌঁছে দিতে আরও ডিভাইস কেনা হবে।