পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাথমিক বৃত্তির ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল বুধবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে অভিভাবকগণ। এতে বক্তব্য রাখেন অভিভাবক মোঃ জাহাঙ্গীর আলম মধু চেয়ারম্যান, প্রভাষক মনোয়ারা বেগম, মামুন আহমেদ, ইঞ্জিনিয়ার খাইরুল ইসলাম খোকন প্রমুখ। তারা দাবি করেন গত কয়েক বছর ধরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাধিক সংখ্যক বৃত্তি পেয়ে কেবল উপজেলা নয় জেলার মধ্যে শীর্ষে অবস্থান করে। এবারেও এখানে সমাপনী পরীক্ষায় ৫৮ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। অথচ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মাত্র ৫ জন। তারা বলেন, সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে খাতা নিরীক্ষণের আবেদনের সুযোগ থাকলেও বৃত্তি বঞ্চিতদের খাতা মূল্যায়নের কোন সুযোগ রাখা হয়নি। একই দাবিতে রামচন্দ্রপুর মল্লিকচক প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি লিখিত আবেদনও প্রেরণ করেছেন।
