দশ চাকার ট্রাক ঢুকতে না দেয়ায়

ভোমরায় ১২ দিনেও শুরু হয়নি আমদানি রপ্তানি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৯
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্বিতীয় দফায় গতকাল বুধবার পর্যন্ত টানা ১২ দিন যাবত্ বন্ধ রয়েছে। ভারতীয় শ্রমিক সংগঠনগুলো তাদের দাবি পূরণ না হওয়ায় সমপ্রতি সে দেশের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্টের কাছে বিদ্যাধারী নামের একটি সেতুর উপর দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক সরাসরি ভোমরা বন্দরে ঢুকতে না দেয়ায় ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দেয়। একটানা ১২ দিন ধরে ভোমরা স্থল বন্দর বন্ধ থাকায় সরকার প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ ছাড়া আমদানি-রপ্তানির অপেক্ষায় উভয় দেশের জিরো পয়েন্টের কাছে জমা হয়েছে মালবাহী শতাধিক ট্রাক। অতিদ্রুত ট্রাক থেকে এসব মালামাল খালাস করতে না পারলে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা।