ভালুকায় মাইক্রো চালকদের বিক্ষোভ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
রেন্ট-এ কার গাড়িতে সিএনজি গ্যাস ভরা নিয়ে কথা কাটাকাটির জের হিসেবে নজরুল ইসলাম (৩২) নামে এক চালককে পিটিয়ে আহত করেছে এক পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে ভালুকা উপজেলা পরিষদ এলাকায়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় পিক-আপ মাইক্রোর চালকরা বিক্ষোভ প্রদর্শন করে ভালুকা মডেল থানায় জড়ো হলে, থানার ওসির আশ্বাসের প্রেক্ষিতে তারা কর্মস্থলে ফিরে আসে। ভালুকা পিক-আপ মাইক্রো চালক সমিতির সভাপতি ছাইদুল ইসলাম ফখরুল জানান, গফরগাঁও সার্কেলের একজন পদস্থ পুলিশ কর্মকর্তা ঘটনার দিন বিকালে উপজেলার রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহাম্মেদের মধ্যস্থতায় নজরুল ইসলাম চালিত রেন্ট-এ কারের ওই গাড়িটি ভাড়া করে ঢাকার উত্তরায় আসামি ধরতে যান। ঢাকা থেকে আসার পথে চালক নজরুল ইসলাম ওই পুলিশ কর্মকর্তার নিকট সিএনজি গ্যাস ভরার টাকা চাইলে এ নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। পরে ভালুকায় ফিরে এসে চালক নজরুল ইসলামকে ওই কর্মকর্তা বেধড়ক লাঠিপেটা ও কান ধরে উঠবস করান।