রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নাকশাছড়িতে মানসিক প্রতিবন্ধী এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ গত মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করে। সকাল ১১টায় খাগড়াছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি মাদ্রী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সহ-সাধারণ সম্পাদক অংকন চাকমা বক্তব্য রাখেন। বক্তারা গ্রেফতারকৃত ধর্ষক মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষিতার সুচিকিত্সা ও যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং এ ধরনের ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত রবিবার প্রতিবন্ধী ঐ কিশোরী বাড়ি থেকে রাস্তায় বের হলে বাঘাইহাট বাজারের মোটর সাইকেল চালক মো: মামুন তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ কিশোরীর মা মেয়েটিকে জঙ্গল থেকে উদ্ধার করে। এসময় মামুন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাঘাইছড়ি থানা পুলিশ মামুনকে গ্রেফতার করে।
