মঙ্গলবার রাত ৯টায় কুলাউড়া-জুড়ী সড়কের বিছরাকান্দি এলাকা থেকে কুলাউড়া পুলিশ এলাকাবাসীর সহায়তায় আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে আটক করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
থানার ওসি তদন্ত দিলীপ কুমার দাস জানান, ডাকাতদলটি জুড়ী এলাকার একটি কমিউনিটি সেন্টারের কাছে এক লন্ডনীর বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১১-০৬৩৫) নিয়ে কুলাউড়া হয়ে জুড়ী যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সাদা পোশাকে ডাকাতদলটিকে চ্যালেঞ্জ করে। ঐ সময় ডাকাতদলের সদস্যরা পুলিশের বাধা অতিক্রম করে ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে এলাকাবাসী পুলিশের সহায়তায় এগিয়ে আসে। আটক ডাকাতরা হল ঝিনাইদহের ইমন (২৮), কুলাউড়ার শ্রীপুরের কামাল (৩০), বরমচালের কুতুব (৫০) ও ফয়ছল (৩৫), কমলগঞ্জের গফুর (৩২), সিলেটের সাইফুল (৩৮) ও কারের চালক মৌলভীবাজারের শ্যামের কোনার কামীল বক্স (৩৫)। পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি দেশি এলজি বন্দুক, একটি কাটার, ১টি ছুরি, ৩টি টর্চ লাইট, ২টি মুখোশ ও ৪টি মোবাইলসহ ডাকাতি করার বিপুল পরিমাণ যন্ত্রপাতি উদ্ধার করে। গণধোলাইর ফলে আহত ৩ ডাকাতের অবস্থা আশঙ্কাজনক।
