ফিলিপাইনে আন্তর্জাতিক নৃত্য দিবসে প্রশংসিত ‘তুরঙ্গমী’

আপডেট : ০৪ মে ২০১৯, ২০:৫২

বিনোদন রিপোর্ট

 

ড্যান্স এক্সচেঞ্জ:ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উত্সব ২০১৯-এ সফল অংশগ্রহণ শেষে সম্প্রতি তুরঙ্গমীর তিন সদস্যের দল ঢাকা ফিরেছে। তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের নেতৃত্বে এই দলে ছিলেন তুরঙ্গমীর সদস্য সুস্মিতা লোপা ও লোপা অধিকারী। গত ২৬ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান, প্যারেড ও রেড কার্পেট আনুষ্ঠানিকতার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আমি পূরব দেশের পুরঃ নারী’ গানে নৃত্য পরিবেশন করেন তুরঙ্গমীর শিল্পীরা। এর আগে ওইদিন দুপুরে বাংলাদেশের ধামাইল নাচের ওপর উত্সবের প্রথম কর্মশালা পরিচালনা করেন পূজা সেনগুপ্ত। যেখানে অংশগ্রহণ করেন ফিলিপিনের প্রায় ১২শ’ নৃত্য প্রশিক্ষক। ২৭ এপ্রিল ড্যান্স আউটরিচের অংশ হিসেবে ওলোটালিয়া দ্বীপ ভ্রমণ করে সেখানে ‘কমলা সুন্দরী’ কোরিওগ্রাফির মঞ্চায়ন করেন তুরঙ্গমীর শিল্পীরা। ওইদিন সন্ধ্যায় উত্সবের মূল ভেন্যু কেপিজ প্রভিন্সিয়াল পার্কে আবারো ‘কমলা সুন্দরী’ মঞ্চায়িত হয়। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসের দিন আমন্ত্রিত সব আন্তর্জাতিক ও ফিলিপিনের দলের দলপ্রধানদের পরিচালনায় উত্সবের বৃহত্তম ইউনিটি ড্যান্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পূজা সেনগুপ্ত। সন্ধ্যায় কেপিজ প্রভিন্সিয়াল পার্কে তুরঙ্গমীর জনপ্রিয় প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’র অংশ বিশেষ মঞ্চায়ন ও উত্সবের স্মারক গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় এই উত্সবে তুরঙ্গমীর পরিবেশনা।