ভালো ক্যারিয়ার গড়তে চান সবাই। তবে অনেকেই ভালো প্রতিষ্ঠানে চাকরি পেয়েও খুব ভালো করতে পারেন না। তবে কিছু কিছু গুণাবলী রয়েছে, যেগুলো যেকোনো ধরনের পেশাতেই আপনাকে সহায়তা করবে সাফল্য লাভ করতে। এরকম কিছু গুণাবলী ও দক্ষতার কথা তুলে ধরা হলো এই লেখায়।
১. যোগাযোগ স্থাপনের দক্ষতা :যোগাযোগ স্থাপন ছাড়া আমরা কেউই চলতে পারি না। আমাদের প্রাত্যহিক জীবনে চারপাশের মানুষের সঙ্গে নানাভাবে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। পেশার ক্ষেত্রে সফলতার জন্য যোগাযোগের কৌশল খুবই দরকারি। যে যত ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে পারে, তার কাজ করা তত সহজ হয় ও এর ওপর নির্ভর করে সে সফলতার মুখ দেখতে পারে অত্যন্ত দক্ষতার সঙ্গে। সব পেশাতেই নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা করার কৌশল খুবই দরকারি।
২. দলের সাথে কাজ করা :যেকোনো দলের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতাও বেশ প্রয়োজনীয় একটি দক্ষতা। যখন একজন মানুষ কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে পারে, তখন তাঁর সাফল্য ক্রমাগত বৃদ্ধি পায়। এভাবে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা যখন নিজেদের মধ্যে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করেন, তখন সেই প্রতিষ্ঠানটিরও উন্নতি হতে থাকে দ্রুতগতিতে। তাই পেশাগত জীবনে দলগতভাবে কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. বাড়াতে হবে তথ্যপ্রযুক্তির জ্ঞান :বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। বর্তমান সময়ে প্রায় সবকিছুই তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে গেছে। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজও প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। তাই আপনি যে পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত হোন না কেন, আপনাকে অবশ্যই তথ্যপ্রযুক্তি জানতে হবে। তথ্যপ্রযুক্তিগত জ্ঞান না থাকলে একজন পেশাজীবীকে একটি ক্ষেত্রে পঙ্গু হয়ে থাকতে হয়। পেশার ক্ষেত্র উন্নয়নে যা কখনোই কোনো ইতিবাচক বিষয় নয়। এ ক্ষেত্রে কম্পিউটারের সাধারণ ব্যবহারের পাশাপাশি ছোটখাটো সমস্যা নিজে নিজে সমাধান করতে পারা, বাংলা ও ইংরেজি দ্রুত, নির্ভুলভাবে টাইপ করতে পারা, ইন্টারনেটের ব্যবহার যেমন ই-মেইল করা বা তার উত্তর দেওয়া জানা এখন জরুরি। আর পেশার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার জানা, পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপনা করাটাও জানতে হবে।
৪. ভাষাগত দক্ষতা :পেশার ক্ষেত্রে দরকারি একটি বিষয় হলো, ভাষাগত দক্ষতা। নির্ভুল ও স্পষ্টভাবে কথা বলার দক্ষতা থাকা খুবই জরুরি। মাতৃভাষা বাংলা ও ইংরেজি ভালো বলতে পারা ও লেখার দক্ষতা পেশাজীবনে কাজে লাগে। এ ছাড়া যারা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক, তারা প্রতিষ্ঠানভেদে বিভিন্ন দেশের ভাষা শিখতে পারেন। এটি জানা থাকলে একদিক থেকে যেমন যোগাযোগ সহজ হয়, অন্যদিকে কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান তৈরি হয়।
৫. বাড়িয়ে নিন আবেগীয় বুদ্ধিমত্তা :মানুষ ৮০ ভাগ আবেগ ও ২০ ভাগ বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয়। পেশাজীবনে সফলতার জন্য সাধারণ বুদ্ধিমত্তা বা যৌক্তিক বুদ্ধিমত্তার পাশাপাশি কর্মক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বৃদ্ধি করা জরুরি। আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে নিজের আবেগগুলোকে সুনির্দিষ্টভাবে বোঝা বা চিহ্নিত করা এবং অন্যের আবেগ ঠিক একইভাবে চিহ্নিত করা। আবেগীয় বুদ্ধিমত্তা বাড়লে অন্যান্য দক্ষতাও বৃদ্ধি পাবে। এর ফলে ব্যক্তি ও কর্মজীবনে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলা আনেকটাই সহজ হবে, যা সহায়ক হবে ব্যক্তি ও পেশাজীবনে সফল হতে।
